মোংলায় বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চীনের একটি কনসোর্টিয়ামের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় কনসোর্টিয়াম অব ইনভিশন এনার্জি, জিয়াংসু কোম্পানি লিমিটেড, চায়না, এসকিউ ট্রেডিং অ্যান্ড ইন্ঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইনভিশন রিনিউয়েবল এনার্জি লিমিটেড, হংকংয়ের  যৌথ উদ্যোগে এই মোংলা গ্রিন পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে।

চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  পক্ষে বোর্ডের সচিব গোলাম রাব্বানী ও মোংলা গ্রিন পাওয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ঝু ওয়েনটাও সই করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া বিদ্যুৎ সচিব মো.হাবিবুর রহমান ও মোংলা গ্রিন পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝু ওয়েনটাও  বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে বাগেরহাট, মোংলায় স্থাপিত হতে যাওয়া ৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির পথে আরও একধাপ এগিয়ে গেলো। পরিবেশ রক্ষার পাশাপাশি এধরনের প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেও শক্তিশালী ভূমিকা রাখবে।’

পিডিবি জানায়, ২০ বছর মেয়াদি এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হবে ১৩ টাকায়। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯৬.৫৯৭ মিলিয়ন মার্কিন ডলার। চুক্তি সইয়ের দুই বছরের মধ্য কেন্দ্রটি উৎপাদনে আসার কথা রয়েছে।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি চায়না-বাংলাদেশ কনসোর্টিয়ামকে বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়।