বাংলাদেশে ব্রুনাইয়ের হালাল খাদ্যপণ্য বিপণনে দেশটির ঘানিম ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জেডইএস ট্রেডিংয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঘানিম ইন্টারন্যাশনালের পক্ষে সিইও ড. নূর রহমান ও জেডইএস ট্রেডিংয়ের পক্ষে এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান চুক্তিতে সই করেন।
পরে গুলশানের ইউনিমার্ট লবিতে ব্রুনেই হালাল ফুডের পণ্যসামগ্রী বিক্রির জন্য একটি আউটলেট উদ্বোধন করেন ব্রুনাই দারুসসালাম সরকারের অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজি আহমাদদিন বিন হাজি আবদুল রহমান।
এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। টিপু মুনশি বলেন, সরকারের বিদেশি বিনিয়োগবান্ধব নীতিমালার কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আদর্শ গন্তব্য। এ দেশে কারখানা স্থাপনের মাধ্যমে সাড়ে ১৬ কোটি মানুষের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীন-ভারতের ২৭০ কোটি মানুষের বাজারও ধরা যাবে। কেননা, দুটি দেশেই বেশিরভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।
টিপু মুনশি বলেন, ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের জামানত হিসেবে ১৬শ’ ডলার দিতে হয়। মালয়েশিয়ার জন্য এর পরিমাণ ৫শ’ ডলার। দেশটির অর্থমন্ত্রীকে এই বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।