গত কয়েকদিন ধরে বাজারে নতুন আলু উঠতে শুরু করছে। তবে বিক্রেতারা চড়া দাম হাকাচ্ছেন। স্থানীয় বাজারগুলোতে এই আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা করে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজার, মিরপুর, রামপুরাসহ বিভিন্ন এলাকার বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
মিরপুরের বৃহত্তর সবজির বাজারের বিক্রেতা বাদশা মিয়া বলেন, ‘নতুন আলুর কেজি ১৬০। বাড়িয়ে নিলে ১৫০ রাখা রাখি। আর পাল্লা (৫ কেজি) ৭০০ টাকা।’
নতুন আলুর দাম এত বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন দেখেই দাম বেশি। পরে সেই ৩০ টাকায় বিক্রি হবে।’
তিনি আরও বলেন, কাওরান বাজারেই কেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমাদের আনার খরচ ১০-১৫ টাকা পড়ে। সব মিলিয়ে একটু লাভ রেখে বেচতে হয়।’
মিরপুরের আরেক বিক্রেতা আয়নাল বলেন, ‘আমরাও বলতে গেলে খুচরাই আনি। সারা বাজার খুঁজে দেখেন নতুন আলু পাবেন না। আমার কিছু নির্দিষ্ট ক্রেতা আছেন। তাদের জন্য ৫ কেজি ১০ কেজি করে আনি। তাই পাইকারীতেও দাম কম পাই না। যে দামে আনি তার থেকে সামান্য লাভ রেখে বিক্রি করি।’ তিনি বিক্রি করছেন ১৬০ কেজি।
বাজার ঘুরে দেখা যায়, মাত্র তিনটি দোকানে সল্প পরিসরে নতুন আলু বিক্রি হচ্ছে। অন্যান্য দোকানিরা নতুন আলুর দাম কমার অপেক্ষায় আছেন বলে জানান।
এছাড়াও রামপুরা, মিরপুর বড়বাগসহ আরও কিছু এলাকার ভ্যানে করে এক দামে ১৬০ টাকায় নতুন আলু বিক্রি করছেন সবজি বিক্রিতেরা।
স্থানীয় সবজি বিক্রেতারা জানান, নতুন আলু কাওরান বাজার অথবা মিরপুর-১-এর গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে নিয়ে আসেন তারা। কাওরান বাজারে দেশের সব জায়গা থেকেই কাঁচামাল আসে। আর সাভার, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের কাঁচামাল আসে মিরপুরে।