ব্যাংক চেয়ারম্যানেরা ফাউন্ডেশন পরিচালনায় থাকতে পারবেন

ব্যাংক চেয়ারম্যানরা একই ব্যাংকের সহযোগী (সাবসিডিয়ারি) অন্য কোনও প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পদে থাকতে পারবেন না বলে গত বছর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে এবার তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠান ও ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত ফাউন্ডেশনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বহির্বিশ্বে যুদ্ধাবস্থা চলমান থাকায় ব্যাংকের আর্থিক ক্ষতি এড়াতে ও ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে চেয়ারম্যানদের শুধু দেশে অবস্থিত ব্যাংকের সিকিউরিটিজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পদ ছাড়লেই চলবে। আগের মতো ব্যাংকের ফাউন্ডেশনের পদে থেকে চেয়ারম্যান ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির টাকা খরচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রসঙ্গত, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ ধরে রাখতে এক বছর ধরে নানা তৎপরতা চালিয়ে আসছিল বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। তারা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে লিখিত প্রস্তাব দিয়েছিল এবং এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকও করে। এর ফলে বাংলাদেশ ব্যাংকও শেষ পর্যন্ত তাদের দাবি প্রতি সায় দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটি, নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনও ব্যক্তি ওই ব্যাংকের সহযোগী বা ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনও কোম্পানি বা ফাউন্ডেশনের পরিচালক হতে পারবেন না। কোনও ব্যক্তি এমন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্বরত থাকলে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের জন্য চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণ ও বিদেশে কার্যরত এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর বা ফাইন্যান্স কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। পরিচালনা সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় যথাযথ অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি থাকলে ব্যাংকের আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যাংকের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহারের জন্য ওই প্রতিষ্ঠান পরিচালনায় সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি এটি সংশ্লিষ্ট ব্যাংকের আয়–ব্যয়, লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া আবশ্যক বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

এসব কারণে বিদেশে স্থাপিত ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে এবং ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত ফাউন্ডেশনের পরিচালনায় আগের নিয়ম প্রযোজ্য হবে না বলে নতুন প্রজ্ঞাপনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই দুই ক্ষেত্র ছাড়া ব্যাংকের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞাই বহাল থাকবে।