স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়লো

২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ৩ হাজার টাকা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি মুদ্রা কিনতে হবে ৯০ হাজার টাকায়, এতদিন যা ৮৭ হাজার টাকা ছিল।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে দর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে নতুন দামে স্বর্ণমুদ্রা বিক্রি হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুত করা ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হলো। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে যা ৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

এর গত ২৭ অক্টোবর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ৭০ হাজার ১৫৯ টাকা ভরি।