দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা হবে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর হবে। মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায়। অর্থাৎ ভরিতে বাড়লো ১ হাজার ৫১৬ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৮৪ হাজার ২১৪ টাকা হবে।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ২৮৩ টাকা।