বিআরডিবি’র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১আগস্ট) সকাল ১১টায় কাওরান বাজারের বিআরডিবি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআরডিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বিআরডিবি’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একইসঙ্গে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি'র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে এর সেবার আওতাভুক্ত করার নির্দেশনা দেন।

বিশেষ করে জিডিপিতে বিআরডিবি'র অবদান ১.৯৩% থেকে বৃদ্ধি করে ৩-৫% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং এ লক্ষ্যে জীবন-জীবিকা উন্নয়নে কার্যকর ও ফলাফলভিত্তিক প্রকল্প গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সঙ্গে জড়িত প্রয়োজনে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিআরডিবিকে বোর্ড থেকে অধিদফতরে পরিণত করার প্রস্তাবনা আছে। অধিদফতরে পরিণত হলে সুবিধা এবং অসুবিধা যাচাই-বাছাই করতে হবে। বিআরডিবি’তে পেনশন প্রাপ্তিতে বিড়ম্বনাসহ যেসব সমস্যা আছে তা দূর করার পথ খুঁজে বের করতে হবে।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন, বিআরডিবি’র মহাপরিচালক আ. গাফফার খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।