বাংলাদেশ থেকে কোনও রকমের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি হয় না। ফলে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। এলপি গ্যাস রফতানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ‘ভারতে গ্যাস সরবরাহ লাইনের সংযোগ বন্ধের গুজব’ বিষয়ে এই ব্যাখ্যা দিয়েছে৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো বলে গত ২৫ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। গুজব ছড়িয়ে বলা হচ্ছে, আগের আওয়ামী লীগ সরকারের মাধ্যম ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও-ও প্রচার করা হয়েছে।
প্রকৃতপক্ষে ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাসলাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।