‘কোনও ব্যাংকের প্রতিবেদনেই প্রকৃত চিত্র উঠে আসে না, স্বচ্ছতা জরুরি’

অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংক খাত নিয়ে বলেছেন, অতীতে যারা কোনও কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি, সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সময় সবচেয়ে বেশি জরুরি। টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখান থেকেই সতর্ক হতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনাগাঁও-এ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর উদ্যোগে আয়োজিত ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান (ছবি: পিআইডি)

উপদেষ্টা ওই অনুষ্ঠানে বলেন, সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না যা দুঃখজনক। কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। আমরা সহায়তা চাই।

অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।