বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার শেরে বাংলানগরে অবস্থিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনয়াতনে দেশের এনজিওগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, শিগগিরই এই দুই পদে নিয়োগ দেওয়া হবে। সদ্য পদত্যাগী গভর্নর তার সুপারিশে এই দুজনকে অব্যাহতি দেওয়ার কথা বলেছিলেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ড. আতিউর রহমানের পদত্যাগের পর ডেপুটি গভর্নর আবুল কাশেমকে ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। এদিকে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। বিষয়টি সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। স্বাভাবিক নিয়মে চলতি বছরের জুলাইতে ডেপুটি গভর্নর আবুল কাশেমের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৪) নং ধারা অনুযায়ী অন্য দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও আবু হেনা মোহম্মদ রাজী হাসানের সঙ্গে ডেপুটি গভর্নর পদে নাজনীন সুলতানারও মেয়াদ বাড়ায় অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের চুক্তির মেয়াদ আগের চুক্তির শর্তে যোগদানের তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। সে অনুযায়ী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চুক্তির মেয়াদ চলতি বছরের ১৪ জুলাই শেষ হওয়ার কথা। আগের চুক্তি অনুযায়ী গত ২২ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। এর আগে প্রথমবার ২০১২ সালের ২৩ জানুয়ারি চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান নাজনীন সুলতানাসহ অন্য দুই গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী।
কর্মজীবনে যোগ দেওয়ার আগে নাজনীন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে জার্মানি, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতসহ অন্যান্য দেশে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন তিনি।
/এমএনএইচ/