সরকারি-বেসরকারি ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্ট ও ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের পাসপোর্টের কপি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।
তিনি বলেছেন, যে কর্মকর্তারা ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্ট ও ট্রেজারি বিভাগের কাজ করেন, তাদের পাসপোর্টের কপি কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে। এছাড়া তাদের নজরদারিতেও রাখা হবে। ব্যাংকের মালিকদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) এর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে বিএবির প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে সংগঠনের নেতারা গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্ট ও ট্রেজারির বিভাগে জেনে শুনে লোক নিয়োগ দেওয়ার কথা বলেছেন গভর্নর।
নজরুল ইসলাম বলেন, রিজার্ভের যে টাকা চুরি হয়ে গেছে, তা ফেরত আনাই মূল কাজ। এছাড়া এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারেও সজাগ থাকার কথা বলেছেন গভর্নর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকগুলো আগের চেয়ে অনেক সতর্ক। এটিএম জালিয়াতির ঘটনার পর সব ব্যাংক সতর্ক হয়ে গেছে। যা হওয়ার হয়েছে, আর এ ধরনের ঘটনা ঘটবে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভের প্রায় ৮০০ টাকা চুরি হলেও এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে না। তবে এটাকে খারাপ ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
/জিএম/এসটি/এজে/