নিরাপত্তার স্বার্থে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেছেন, নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া ঘটনাটির তদন্ত ও নিরাপত্তার স্বার্থে গত দুইদিন আমরা সব মিডিয়াকে এন্টারটেইন করতে পারিনি। সাংবাদিকদের সব বিভাগে যাওয়ার যে সুযোগ ছিল সেটা দিতে পারিনি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
শুভঙ্কর সাহা বলেন, আমাদের চিন্তা আছে নিচতলায় একটি কমিউনিকেশন সেন্টার করব। তার আগ পর্যন্ত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে এবং নির্দিষ্ট রেজিস্ট্রারে বিস্তারিত লিখে যেতে পারবেন।
তবে ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা ক্যামেরা নিয়ে আগাম অনুমোদন ব্যতিরেকে যেতে পারবেন না। ব্যাংকের মুখপাত্র বা ঊর্ধ্বতন কারো বক্তব্যের প্রয়োজন হলে পূর্বানুমতি লাগবে, তখন ক্যামেরা নিয়ে যেতে পারবেন।নিরাপত্তার ব্যাপারে ক্যামেরাকে আমরা আলাদা রাখতে চাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়ে চলমান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এখনও তদন্ত চলমান আছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে অগ্রগতি আছে এবং যথেষ্ট অগ্রগতি আছে।আইনজীবী নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আইনানুগ বিষয়গুলোকে পর্যালোচনা করার জন্য আমাদের তালিকাভুক্ত একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জিএম /এমএসএম/