সরকার সব ধরনের পেট্রোলিয়াম পণ্য আমদানিতে শুল্ক নির্ধারণে ট্যারিফ মূল্যের পরিবর্তে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্কায়ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আমদানি কার্যক্রমে বাস্তবতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক শুল্কচাপ হ্রাসের লক্ষ্য নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়াকে সহায়তা করতে সরকার ক্রুড পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ নির্ধারণ করেছে।
রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
বাস্তব দামের ভিত্তিতে শুল্ক নির্ধারণের উদ্যোগ
বর্তমানে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ‘ট্যারিফ ভ্যালু’ বা একটি নির্ধারিত মূল্য ভিত্তিক শুল্ক প্রথা চালু রয়েছে। এতে বাজারদরের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শুল্ক পরিশোধ করা সম্ভব হয় না। ফলে কখনও অতিরিক্ত, আবার কখনও কম শুল্ক পরিশোধের জটিলতা দেখা দেয়।
এখন থেকে আমদানিকারকদের পণ্যচালান সংযুক্ত ইনভয়েসে উল্লিখিত দামের ভিত্তিতে শুল্ক নির্ধারণ হবে, যা মূল্য স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন আমদানি কার্যক্রমকে আরও সহজতর ও সাশ্রয়ী করে তুলবে। একইসঙ্গে পেট্রোলিয়াম পণ্যের বাজারে অস্থিতিশীলতা কিছুটা প্রশমিত হবে।