‘পলায়নের’ অভিযোগে এনবিআর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে জারি করা হয়। এতে সই করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী তানজিনা রইসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাওয়ার যোগ্য হবেন।

এনবিআর সূত্র জানায়, সন্তান চিকিৎসার জন্য তানজিনা রইস ছুটি নিয়ে থাইল্যান্ডে যান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি দেশে না ফিরে অস্ট্রেলিয়া চলে যান এবং দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছুটি না নিয়েই দেশের বাইরে অবস্থান করায় ‘পলায়ন’ বলে গণ্য করা হয়।

সূত্র আরও জানায়, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে তানজিনা সেদেশের পারমানেন্ট রেসিডেন্ট (পিআর) গ্রহণ করেন। এর মধ্যে একবার দেশে ফিরে এসে তিনি জিপি ফান্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা উত্তোলন করেন এবং পরে পুনরায় অস্ট্রেলিয়া ফিরে যান।

তার এই আচরণকে ‘চরম অসদাচরণ’ ও দায়িত্ব পরিপন্থি হিসেবে বিবেচনা করছে এনবিআর। ফলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।