ইসলামী ব্যাংক চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের এবং তার পরিবারের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথিপত্র চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্প্রতি দেশের সব ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে বিএফআইইউ ১৫ জুলাইয়ের মধ্যে এ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়, চেয়ারম্যান মাসুদ, তার পরিবারের সদস্য কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য যেকোনও ব্যক্তির নামে থাকা ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে।

চাওয়া তথ্যের মধ্যে রয়েছে—অ্যাকাউন্ট খোলার ফর্ম, হালনাগাদ লেনদেন বিবরণী, সঞ্চয়পত্র ও বন্ড সংক্রান্ত কাগজপত্র, লকার সুবিধার তথ্য, শিক্ষার্থীদের বিদেশ পাঠানোর ফাইল, ক্রেডিট কার্ড, প্রিপেইড ও গিফট কার্ডের বিবরণ এবং ৫ লাখ টাকার বেশি লেনদেনের ভাউচার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। সেই সময় পাঁচ জন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়, যাদের একজন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এর আগে তিনি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।