ভ্যাট আদায়ে ব্যাংকগুলোর সহায়তা চায় এনবিআর

মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহে ডিজিটাল পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট কেটে সরাসরি সরকারি হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে এনবিআর।

সোমবার (১৪ জুলাই) এনবিআর থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, নির্ধারিত খাতগুলোতে EFD/SDC ও PKI-POS প্রযুক্তির মাধ্যমে ‘ভ্যাট স্মার্ট চালান’ ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দুইটি প্রতিষ্ঠান— Genex Infosys Ltd. ও Relief Validation Ltd. (জার্মান প্রতিষ্ঠানের সহযোগী)—ভ্যাট সংগ্রহের কাজে মাঠপর্যায়ে কাজ করছে।

এই পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে নির্ধারিত ভ্যাটের টাকা নিজে থেকেই কেটে যাবে এবং সরাসরি এনবিআরের নির্ধারিত হিসাবে জমা পড়বে। পুরো প্রক্রিয়াটি রিয়েলটাইমে এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হবে।

এজন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) যেমন SSL, DGePay, Amarpay ইত্যাদি প্রতিষ্ঠান ভ্যাট আদায়ে মাধ্যম হিসেবে কাজ করবে। সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), PSP এবং কার্ড সংস্থাগুলোকে এই লেনদেনের সঙ্গে যুক্ত হতে বলা হয়েছে।

লেনদেনের জন্য সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী। কার্ড লেনদেনে ২৫ হাজার টাকার নিচে সর্বোচ্চ ২০ টাকা এবং তার বেশি হলে ৫০ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে। আর মোবাইল বা PSP গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে চার্জ হবে ভ্যাটের ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা—যেটি কম।

এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সই করা আদেশে বলা হয়, “ভ্যাট আদায় আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে গতি আসবে এবং জবাবদিহি বাড়বে।”

সরকারি আদায় আরও নির্ভরযোগ্য ও সময়োপযোগী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় আদেশে।