‘টাকাপে’ নামে ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

জাতীয় কার্ড স্কিম ‘টাকাপে’ (TakaPay) নামে ভুয়া ওয়েবসাইট চালু করে জনসাধারণের সংবেদনশীল তথ্য সংগ্রহের ঘটনায় সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘https://takapaycard.com’ ঠিকানায় একটি ভুয়া ওয়েবসাইট থেকে গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের জাতীয় কার্ড স্কিম TakaPay বর্তমানে ১৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেনে বৈদেশিক কার্ডের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি খরচও হ্রাস পেয়েছে। তবে এই প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংক এখনও কোনও ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চালু করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া ওয়েবসাইটে TakaPay ও NPSB-এর অনুরূপ লোগো ও ট্রেডমার্ক ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ অবৈধ। ট্রেডমার্ক আইন, ২০০৯-এর ২৫(২) ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

এছাড়া, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ধারা ৪(২) ও ১৫(২) অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কেউ কোনও অনলাইন বা অফলাইন মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা চালু বা পরিচালনা করতে পারবে না। এসব কার্যক্রম ওই আইনের ৩৭(৩) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, কেউ যেন ভুয়া ওয়েবসাইটটিতে (https://takapaycard.com) কোনও তথ্য প্রদান না করেন। এতে ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হতে পারেন।

সংস্থাটি জাতীয় স্বার্থে এই বিষয়ে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেছে এবং ভুয়া ওয়েবসাইট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণার আহ্বান জানিয়েছে।