স্বর্ণের দামে ফের নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। স্বর্ণের দাম বাড়ার ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাজুস। আগামীকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুস চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেট রুপার দাম পাঁচ হাজার ৯৪৯ টাকা ও ১৮ ক্যারেটের পাঁচ হাজার ১৩২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা।