সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার প্রভাবে রাজধানীর বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমের ডজন ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর নারিন্দা, রায়সাহেব বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সাদা ডিমের ডজন ১২০ থেকে ১৩০ টাকা এবং হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আগে হাঁসের ডিমের দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা।

ডিম ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ডিমের সরবরাহ কমেছে। সবজির দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা বিকল্প হিসেবে ডিম কিনছেন। চাহিদা বাড়লেও সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে।

এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে, যা আগে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দামের চাপ তৈরি হয়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে।

রায়সাহেব বাজারের ক্রেতা নাসিরুদ্দিন বলেন, “প্রতিদিনই বাজারে এসে নতুন করে দামের ধাক্কা খেতে হচ্ছে। সাধারণ মানুষের আয় তো বাড়ছে না, কিন্তু প্রতিদিনই বাজার খরচ বাড়ছে। এখন প্রয়োজনীয় সব পণ্য একসঙ্গে কিনতে গেলেই বাজেটের বাইরে চলে যাচ্ছে।”

ব্যবসায়ীদের মতে, সবজি, মাছ ও ডিমের সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন লাগতে পারে। তাই অন্তত এই সময় পর্যন্ত বাজারে উচ্চমূল্যের চাপ অব্যাহত থাকতে পারে।