৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম বন্দরের জট নিরসন ও সক্ষমতা বাড়াতে ৪৪২ কনটেইনারভর্তি অখালাসকৃত পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সোমবার (২৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় নিলামটি পরিচালনা করা হবে। নিলামটি দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

প্রথম ক্যাটাগরি হলো বিশেষ ই-অকশন। এই ক্যাটাগরিতে ২৯০টি কনটেইনারের ১০১টি লট বিক্রি হবে। এসব লটে কেমিক্যাল, যন্ত্রাংশ, স্ক্র্যাপ, ফ্রিজার, পাইপ, সুতা, কাপড়, সোলার মডিউল, টাইলস ও গৃহস্থালি পণ্য রয়েছে। এ ছাড়া ৮৬টি পুরোনো খালি কনটেইনারও রয়েছে। বিশেষ ই-অকশনে কোনো সংরক্ষিত মূল্য থাকবে না।

আর দ্বিতীয়টি সাধারণ ই-অকশন। এই ক্যাটাগরিতে ১৫২টি কনটেইনারের ১০৯টি লট বিক্রি হবে। এর মধ্যে ক্যাপিটাল মেশিনারি, ফেব্রিক্স, পিভিসি ব্যানার, এসির যন্ত্রাংশ, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার ও ব্যাডমিন্টন র‌্যাকেট রয়েছে।

নিলামে অংশগ্রহণকারীরা ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ নিলামের পণ্য এবং ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ নিলামের পণ্য অফিস চলাকালে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন।

নিলামে অংশ নিতে কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ২৭ আগস্ট থেকে দরপত্র জমা দেওয়া যাবে। সাধারণ নিলামের আবেদন ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ নিলামের আবেদন ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত দাখিল করা যাবে।

বিডিংয়ের সময় প্রস্তাবিত দরের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। সাধারণ নিলামের দরপত্র ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় এবং বিশেষ নিলামের দরপত্র ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় খোলা হবে।

নিলামের বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নিয়ম চট্টগ্রাম কাস্টমসের ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।