বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাব বিজিএমইএ’র

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানআসন্ন বাজেটে আগামী ৫ বছরের জন্য তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর ১০ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এ খাতকে আগে ১০ শতাংশ হারে কর দিতে হলেও ২০১৪ সালে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। যা এ শিল্পের বিকাশকে বাধাগ্রস্থ করবে। তাই বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ও বিনিয়োগ বাড়াতে কর হার আবারও ১০ শতাংশে নামিয়ে আনা উচিত।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে রফতানি খাত সংশ্লিষ্ঠদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় সিদ্দিকুর রহমান রফতানিমুখী পোশাক খাতের উৎসে কর কর্তনের হার ০ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০ দশমিক ৩০ শতাংশ করার দাবি জানান। এছাড়া রফতানিকে আরও প্রতিযোগী করে তুলতে স্থানীয় বাজার থেকে সংগৃহীত পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখারও আহ্বান জানান তিনি।
বিজিএমইএ’র পক্ষ থেকে এনবিআর’র কাছে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।  প্রস্তাবগুলোর মধ্যে তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, এ শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময় ৬ মাসের পরিবর্তে ৩ মাস করা, প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষার জন্য আগামী ৩ বছর এ খাতে রফতানিকারকদের ৩ শতাংশ হারে নগদ সহায়তা এবং নতুন বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে নগদ ৫ শতাংশ সহায়তা প্রদানের প্রস্তাব করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
/এসএনএইচ/