১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

নবম গ্রেডে সহকারী পরিচালক পদে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এ পদের জন্য বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ কমপক্ষে চার বছর হতে হবে।

২৭ ডিসেম্বর বা এর আগে যাদের চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির ফল প্রকাশিত হয়েছে বা হবে, তাঁরা আবেদন করতে পারবেন।

এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। টাকা জমা দেওয়ার পর মুঠোফোনে পাওয়া এসএমএস অনুযায়ী ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভেরিফাই পেমেন্ট লিংক’-এ ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

ফি জমা ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

পরীক্ষার পদ্ধতি

প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd/ মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

- আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬।

- আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৬।

- ফি জমা ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।