২০১৫-১৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। এরপরেও আগামী বাজেটে বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন খাতে প্রায় ৫ হাজার ৫৬৬ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে জনগণকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সুবিধা দিতে পারবো।
তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বর্তমানে চাহিদার চাইতেও বেশি। তবুও জনগণের বিদ্যুৎ প্রাপ্তি এখনও নিশ্চিত করা যায়নি। কারণ বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ এখনও যথোপযুক্ত নয়। বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা আছে তার ৭০ শতাংশ সরবরাহ করা যায়। এ অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা যেমন উন্নত করতে হবে, তেমনি সিস্টেম লস ও বিদ্যুৎ চুরিও কমাতে হবে।
প্রস্তাবিত বাজেটে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বিদ্যুৎ খাতে ১৩ হাজার ৪০ কোটি ৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ৬৭টি প্রকল্পের আওতায় ১২ হাজার ৫৪০ কোটি ৯ লাখ এবং অনুন্নয়ন খাতে ২২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ ছিল ১৬ হাজার ৫০৬ কোটি টাকা। অর্থাৎ এ খাতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কমানো হয়েছে।
বাজেটে পিডিবির বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও কারিগরি কাজের জন্য মোট ১ হাজার ৬৭২ কোটি ৮২ লাখ টাকা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ও কারিগরি কাজের জন্য ৩ হাজার ৮৪৫ কোটি ৯৫ লাখ টাকা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইন ও কারিগরি কাজে ১ হাজার ৫৩৩ কোটি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ বিতরণের জন্য ৪৬৪ কোটি ৮৭ লাখ টাকা, নর্থ ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির বিদ্যুৎ উৎপাদনের জন্য ১ হাজার ২৬ কোটি টাকা, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশকে (ইজিসিবি) বিদ্যুৎ উৎপাদনে ৪০১ কোটি, আশুগঞ্জ পাওয়ার কোম্পানির (এপিএসসিএল) বিদ্যুৎ উৎপাদনে ৪৭০ কোটি, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) বিদ্যুৎ বিতরণের জন্য ২৯৫ কোটি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণে ২৫০ কোটি, সিপিজিসিএল বিদ্যুৎ উৎপাদনে ২ হাজার ৫৪০ এবং সর্বশেষ বিদ্যুৎ বিভাগের কারিগরি কাজে ৪১ কোটি ৪৫ লাখ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এদিকে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে ৩ হাজার ৪৬৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে এডিপিতে ৯৬১ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে জ্বালানি খাতের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৯৯৩ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ ১ হাজার ৫৬৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে জ্বালানি খাতে।
আরও পড়ুন: কৃষিতে বরাদ্দ আবারও কমলো
/এসআই/টিএন/