পরিবেশ দিবসকে সামনে রেখে জনসচেতনতার কাজ করবে রসাটম

পরিবেশ দূষণ প্রতিরোধে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহায়তায় জনসচেতনতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। আগামী ৫ থেকে ৭ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের রজতজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে এই বিশেষ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্ব প্লাস্টিক সামগ্রী দিয়ে বলতে গেলে প্লাবিত হয়ে যাচ্ছে। প্রতি বছর ৪০ কোটি টন প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে যার অর্ধেক এক বার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। প্লাস্টিকের এই বর্জ্য বর্তমান পরিবেশের জন্য এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাই পরিবেশ দিবসের কথা মাথায় রেখেই বিভিন্ন বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে– ৫ জুন স্থানীয় শিক্ষার্থীদের দিয়ে ঈশ্বরদীর দাসুরিয়া মোড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, দাসুরিয়া এম. এম. উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও স্থানীয় লোকদের অংশগ্রহণে রঙ্গীন শিক্ষামূলক ইভেন্ট, ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ দিয়ে তৈরি দৈত্যাকার মূর্তির উদ্বোধন, যার মাধ্যমে প্রতীকীভাবে জনগণকে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবে। ৬ জুন রূপপুর মোড়ে আয়োজিত হবে বিশেষ রোড শো এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম, যার মাধ্যমে জনগনকে প্লাস্টিক দূষণ এবং এর প্রতিকার সম্পর্কে বিষদভাবে ব্যাখ্যা করা হবে। তরুণ শিক্ষার্থীদের প্লাস্টিক রিসাইক্যাল পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য ৭ জুন তাদের নিয়ে ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত আদনান পিএসএফ ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করা হবে।

এই কর্মসূচির অন্যতম আরেকটি লক্ষ্য হলো নিউক্লিয়ার এনার্জির ইতিবাচক দিকগুলো তুলে ধরা। বর্তমান বিশ্বে লো-কার্বন এবং নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস হিসেবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে এক দিকে যেমন সুরক্ষা দিচ্ছে অন্য দিকে পৃথিবীর ইকোসিস্টেম পুনরুদ্ধারেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

এই কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে রাশিয়ার স্বায়ত্বশাসিত অলাভজনক প্রতিষ্ঠান 'এনার্জী অফ দা ফিউচার' (ইএফ) এবং সহায়তা করছে রূপপুর কেন্দ্রের জেনারেল কন্ট্রাকটর এতমোজা এক্সপোর্ট (এএসই), এবং ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্রসহ স্থানীয় অনেক প্রতিষ্ঠান ও ব্যাক্তিরা।

কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে ঈশ্বরদীর পারমাণবিক তথ্য কেন্দ্র এবং এতে সহায়তা করছে রূপপুর কেন্দ্রের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর এতমোস্ত্রয় এক্সপোর্ট (রসাটমের প্রকৌশল শাখা)।