শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আলাদাভাবে লভ্যাংশের প্রায় ৫ কোটি ১১ লাখ টাকা জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস-বিএসআরএম এবং মোবাইল অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো।
সোমবার (২৮ জুন) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত ৩ কোটি ৫ লাখ ৯৬ হাজার ১৭৪ টাকা এবং ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন ২ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার দুটি আলাদা চেক নিজ নিজ কোম্পানির পক্ষে হস্তান্তর করেন।
শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৫৫৭ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ১৪ হাজার শ্রমিককে প্রায় ৫০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ইডটকোর করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ইসরাত জাহান, সাব্বির আহমেদ এবং বিএসআরএমের ম্যানেজার মো. ইসমাইল উপস্থিত ছিলেন।