বাংলাদেশে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩ বছরে ১৩৪টি বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে। এসব দুর্যোগে ১১ হাজার ৫৬৪ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার মানুষ। এ সময়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঘূর্ণিঝড়ে। অপরদিকে নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সব ধরনের বন্যা মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণও ছিল সর্বোচ্চ।
সোমবার (১৬ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে আয়োজিত ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যে এসব চিত্র উঠে আসে।
কর্মশালার তথ্য অনুযায়ী, ২৩ বছরে দেশে ৩১টি ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৯৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৩৬ জন। ঘূর্ণিঝড়ে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৯ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার মার্কিন ডলার।
নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় প্রাণহানি হয়েছে ২ হাজার ৫৯৩ জনের। তবে এ ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি— ৬ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৬০৫ জন। আর্থিক ক্ষতির পরিমাণ ৪১৫ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ডলার।
এ ছাড়া সাধারণ বন্যায় ৭১২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৫ জন। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১৭১ কোটি ৭ লাখ ডলার। আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৭ লাখ ৩৪ হাজার ১৯৭ জন। এ ধরনের বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ ৮৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ডলার।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, নদীর পানি বৃদ্ধিজনিত বন্যা, সাধারণ বন্যা ও আকস্মিক বন্যা— এই তিন ধরনের দুর্যোগে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৭১ কোটি ২৯ লাখ ডলার। অর্থাৎ শুধু বন্যাতেই আর্থিক ক্ষতি ঘূর্ণিঝড়ের তুলনায় বেশি।
বজ্রপাতেও উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। ২৩ বছরে বজ্রপাতের আটটি ঘটনায় ২০৬ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬০ হাজার মানুষ। আর্থিক ক্ষতির পরিমাণ ৪৯ লাখ ৩৯ হাজার ডলার।
এ সময়ে সাধারণ ঝড়ের ১৮টি ঘটনায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ১৭৫ জন। তীব্র আবহাওয়াজনিত তিনটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯ জন। আর টর্নেডোর আটটি ঘটনায় মারা গেছেন ১৮৩ জন।
চরম তাপমাত্রাজনিত দুর্যোগেও প্রাণহানি কম নয়। এ ধরনের ১৪টি ঘটনায় ১ হাজার ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার মানুষ।
অপরদিকে ২৩ বছরে দেশে ভূমিকম্পের পাঁচটি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ১৩ জনের মৃত্যু এবং ৩ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিকম্পে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ডলার।
এ ছাড়া ভূমিধস ও কাদাধসের ছয়টি ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৩০ জন।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।