দেশের ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা’র সাবেক মহাসচিব ও বর্তমান ইসি সদস্য আলী হায়দার চৌধুরীকে আবারও বায়রা মহাসচিব নির্বাচিত করা হয়েছে। তিনি সদ্য পদত্যাগকারী মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বায়রা ভবনে সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে বায়রা কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া গত ১১ ফেব্রুয়ারি মুলতবি করা বার্ষিক সাধারণ সভায় নূর আলীকে প্রধান উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি তোলা হয়। তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বায়রা।
পাশাপাশি অর্থসচিব মিজানুর রহমানের স্থলে বেলাল হোসেন মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বায়রার সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন রাতে মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান পদত্যাগ করেন।