বাংলাদেশের বাজারে ফর্টিফাইড সয়াবিনে কোনও ভারী ধাতু নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত গবেষণা ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনও নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি। বাংলাদেশের বাজারে সব সয়াবিন তেল বিশুদ্ধ। এতে কোনও ভারী ধাতু নেই।’
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএসটিআইয়ের ব্যাপ্তি এমনভাবে বিস্তৃত করতে চাই, যাতে দেশের সব জায়গায় তদারকি নিশ্চিত করা যায়।’
বিএসটিআই’র মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফসিসিআই’র প্রশাসক ফজলুল হক।