আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকার আশুলিয়া ও জামগড়া এলাকায় আরও অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছেন মালিকরা। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে এসব কারখানায় শ্রমিকদের কাজ বন্ধ রেখে ছুটি দেওয়া হয়।

কারখানাগুলোর মধ্যে রয়েছে— শারমিন (নরসিংহপুর), নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, স্টাইলিং ক্রিয়েশন, স্টারলিং অ্যাপারেল, এনবয়, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়া, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, মেহনাজ গার্মেন্টস (আশুলিয়া বাজার), প্রাণ-আরএফএলের ফাবিয়া, নিট এশিয়া, আইডিএস, সাবিহা, টাউজার লাইন, ইয়াগি বাংলাদেশ ও ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে একের পর এক কারখানায় ছুটি ঘোষণার ফলে আশুলিয়া ও জামগড়া এলাকার পোশাকশিল্পে নতুন করে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

এতে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও দৈনন্দিন আয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে টানা কয়েক দিনের অস্থিরতার মধ্যে নতুন করে কারখানা বন্ধের ঘটনায় তৈরি পোশাক খাতের উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। 

উল্লেখ্য, দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র আশুলিয়া ও গাজীপুর। এসব এলাকায় দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে রফতানি কার্যক্রম, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ এবং শ্রমিকদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।