মজুরি বৃদ্ধির ‘ধাক্কা’ এড়াতে ভারসাম্য খুঁজছে পোশাক খাত

তিন বছরের ব্যবধানে আবারও বাড়তে যাচ্ছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি পুনর্নির্ধারণের দাবি জোরালো হয়েছে। অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, রফতানি আয় কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতার ব্যবধান নিয়ে উদ্বিগ্ন কারখানার মালিকরা। তাদের আশঙ্কা, শিল্পের বর্তমান সক্ষমতা বিবেচনায় না নিয়ে মজুরি বাড়ানো হলে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে, ঝুঁকির মুখে পড়তে পারে কর্মসংস্থানও।

এমন পরিস্থিতিতে শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং শিল্পের টিকে থাকার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন সক্ষমতা, রফতানি প্রতিযোগিতা ও কর্মসংস্থান ধরে রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের বিধান অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব ও যুক্তি তুলে ধরছেন। মজুরি নির্ধারণের এই আলোচনায় গত তিন বছরের মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রকৃত আয় এবং শিল্পের আর্থিক সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হবে। শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করেছে। তবে সিপিডির প্রস্তাবের বিভিন্ন হিসাব ও পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর।

এই প্রেক্ষাপটে মজুরি নির্ধারণের আলোচনায় তথ্যের ঘাটতি ও ভুল হিসাব এড়াতে পোশাকশিল্পের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের আয়, উৎপাদন ব্যয়, রফতানি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে বিজিএমইএ।

রবিবার (২২ নভেম্বর) প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরে বিজিএমইএর পিআর, মিডিয়া ও পাবলিসিটি চেয়ারম্যান এবং মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ছাড়াই মজুরি নিয়ে আলোচনা হচ্ছে। শিল্পের প্রকৃত অবস্থা ও শ্রমিকদের আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতেই এই পর্যালোচনা তৈরি করা হয়েছে।

তিন বছরে মূল্যস্ফীতি প্রায় ৩০ শতাংশ

দেশে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। ওই সময় চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। এরপর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের বরাত দিয়ে মালিকপক্ষ জানিয়েছে, এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৩২ দশমিক ৮২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২৬ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।

ফলে শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মালিকপক্ষও স্বীকার করছে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং তাদের স্বস্তি দিতে মজুরি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে একই সঙ্গে শিল্পের ব্যয় বহনের সক্ষমতা বিবেচনায় নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।

মালিকপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে ৩ হাজার ৩৫০ টাকা বাড়িভাড়া এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মোট মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটির অর্থ ও হাজিরা বোনাস যুক্ত করলে একজন শ্রমিকের মাসিক গড় আয় আরও বাড়ে।

তাদের দেওয়া হিসাব অনুযায়ী, মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ করে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মাসিক টেক-হোম আয় দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। সব গ্রেড মিলিয়ে কারখানার শ্রমিকদের গড় টেক-হোম আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা। তবে এই হিসাবের মধ্যে ওভারটাইম ও অন্যান্য শর্তসাপেক্ষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সব শ্রমিকের নিয়মিত ও নিশ্চিত মাসিক আয় হিসেবে এই অঙ্ককে বিবেচনা করার সুযোগ নেই।

উৎপাদন খরচ বেড়েছে, কমেছে রফতানি আয়

মজুরি বৃদ্ধির আলোচনায় শিল্পের উৎপাদন ব্যয়কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরছেন মালিকরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, ব্যাংকঋণ ও বন্দর ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শিল্পে গ্যাসের দাম বাড়ার পাশাপাশি বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩ দশমিক ৮৫ শতাংশ এবং পরিবহন খরচ প্রায় ১৫ শতাংশ। ২০২৫ সালের অক্টোবর থেকে বিভিন্ন বন্দর চার্জও ৪১ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। একই সময়ে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে উঠেছে।

এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে বিলম্বে অর্থ পাওয়ায় কারখানাগুলোর কার্যকরী মূলধন আটকে থাকছে। এতে ব্যাংকঋণ ও ফ্যাক্টরিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের খরচ বাড়ছে। গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ, নতুন বিনিয়োগে স্থবিরতা এবং নীতিগত অনিশ্চয়তাও শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

মালিকপক্ষের দাবি, সব মিলিয়ে গত তিন বছরে পোশাকশিল্পের গড় উৎপাদন খরচ বেড়েছে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ একই সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রফতানিকৃত পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ উৎপাদন ব্যয় বাড়লেও ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বাড়তি পাওয়া যাচ্ছে না।

রফতানি আয়ের চিত্রেও উদ্বেগ রয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যদিও চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পোশাক রফতানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, মালিকপক্ষের মতে, সাম্প্রতিক মাসগুলোতে সেই প্রবৃদ্ধির গতি আবার কমতে শুরু করেছে।

বিনিয়োগ কমছে, বন্ধ হচ্ছে কারখানা

শিল্পের ভবিষ্যৎ সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে মালিকপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গার্মেন্টস খাতে কমেছে ১৯ দশমিক ৪৮ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে টেক্সটাইল মূলধনী যন্ত্রপাতি আমদানি আরও ২৯ শতাংশ এবং গার্মেন্টস মূলধনী যন্ত্রপাতি আমদানি ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে।

মালিকদের মতে, নতুন বিনিয়োগ ও প্রযুক্তি সম্প্রসারণে এই মন্দাভাব দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করতে পারে।

এর সঙ্গে যুক্ত হয়েছে কারখানা বন্ধের ঘটনা। মালিকপক্ষের হিসাবে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে চাকরি হারিয়েছেন প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক। তাদের আশঙ্কা, নতুন করে উৎপাদন ব্যয় বাড়লে আর্থিকভাবে দুর্বল কারখানাগুলোর পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হবে। কেউ কারখানা বন্ধ করতে বাধ্য হবেন, আবার কেউ ব্যয় কমাতে শ্রমিকের সংখ্যা কমিয়ে অটোমেশনের দিকে ঝুঁকবেন।

ছোট ও মাঝারি কারখানায় বেশি ঝুঁকি

পোশাকশিল্পের মালিকদের মতে, সব কারখানার আর্থিক সক্ষমতা এক নয়। বড় রফতানিকারক প্রতিষ্ঠানের তুলনায় ছোট ও মাঝারি কারখানাগুলোর বাড়তি ব্যয় বহনের সুযোগ অনেক কম।

২০২৫-২৬ অর্থবছরের রফতানি তথ্যের ভিত্তিতে মালিকপক্ষ জানিয়েছে, ১০ মিলিয়ন ডলারের কম রফতানি করে এমন কারখানার সংখ্যা ১ হাজার ৭৮টি, যা মোট সদস্য কারখানার প্রায় ৫৭ শতাংশ। আরও ২১ শতাংশ কারখানার বার্ষিক রফতানি ১০ থেকে ২৫ মিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ কারখানা ছোট ও মাঝারি শ্রেণির।

মালিকপক্ষের দাবি, ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলোর গড় হিসাবে ০ দশমিক ৩ থেকে ০ দশমিক ৫ শতাংশ পর্যন্ত লোকসান হতে পারে। এতে প্রায় ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে এই আশঙ্কার বাস্তবতা নির্ধারণে কারখানাভিত্তিক উৎপাদন ব্যয়, মুনাফা, শ্রমিকসংখ্যা এবং মজুরি বৃদ্ধির প্রভাব নিয়ে বিস্তারিত হিসাব প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবধান

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা নিয়েও মালিকপক্ষ উদ্বিগ্ন। তাদের দেওয়া তুলনামূলক হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১০১ ডলার। ভারতে ১১৩ ডলার, পাকিস্তানে ১৩০ ডলার, ইন্দোনেশিয়ায় ১৩৯ ডলার, ভিয়েতনামে ১৪১ ডলার, কম্বোডিয়ায় ২১০ ডলার এবং চীনে ২৭৭ ডলার। মিয়ানমারে এই মজুরি ৯৭ ডলার।

মালিকপক্ষের দাবি, গত ১০ বছরে বাংলাদেশের পোশাকশিল্পে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।

তবে শুধু শ্রমিকের মজুরি দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা নির্ধারণ করা যায় না। উৎপাদনশীলতা, জ্বালানি, পরিবহন, অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, পণ্য সরবরাহের সময় এবং ব্যাংকঋণের সুদের হারও গুরুত্বপূর্ণ। মালিকদের মতে, এসব ক্ষেত্রে বাংলাদেশের ব্যয় অনেক বেশি হওয়ায় বাড়তি মজুরির চাপ মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে।

এদিকে প্রতিযোগী দেশগুলো তাদের শিল্পে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দিচ্ছে। মালিকপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে মূলধনী বিনিয়োগ, ব্যাংকঋণের সুদ, শ্রমিকের মজুরি ও পরিবহনে বিভিন্ন ভর্তুকি রয়েছে। ভিয়েতনামেও কর অবকাশ, জমির ভাড়া মওকুফ এবং উৎপাদন শুরুর পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশে গত তিন বছরে পোশাক রফতানিতে সরকারি নগদ প্রণোদনা ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৩ শতাংশ করা হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। পাশাপাশি গত ১২ বছরে তৈরি পোশাক রফতানির ওপর উৎসে কর কর্তনের হার ০ দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে।

এলডিসি উত্তরণ নিয়েও শঙ্কা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনাম ও ভারতের মুক্তবাণিজ্য চুক্তির কারণে ভবিষ্যতে বাংলাদেশের রফতানিকারকদের প্রতিযোগিতায় বাড়তি চাপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

মালিকদের মতে, এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখার বিষয়টি নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ক্রয়াদেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নীতিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

মজুরি বৃদ্ধিতে ভারসাম্যের দাবি

মালিকপক্ষের যুক্তি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি যেমন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন, তেমনি শিল্পের বাস্তব সক্ষমতাও উপেক্ষা করা যাবে না। তাদের মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে দেশের অন্যান্য শিল্পের ন্যূনতম মজুরি এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বিষয়টিও তুলনামূলকভাবে বিবেচনায় নেওয়া যেতে পারে।

তাদের দেওয়া তথ্যে, পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ওষুধশিল্পে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি খাতে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্টে ১২ হাজার টাকা, সুতিবস্ত্রে ১০ হাজার ১ টাকা এবং প্লাস্টিকশিল্পে ৮ হাজার টাকা। অন্যদিকে সরকারি কর্মচারীদের বেতন গত ১৫ বছরে ১৪২ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তাদের হিসাবে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি গত ১৬ বছরে বেড়েছে ৩১৬ দশমিক ৬৭ শতাংশ।

তবে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং কাজের ধরন বিবেচনায় বিভিন্ন খাতের মজুরি কাঠামোর তুলনা কতটা প্রাসঙ্গিক, সেটিও আলোচনার বিষয়।

তৈরি পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের প্রায় ৬০ শতাংশ নারী। দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে এই শিল্প থেকে। ফলে মজুরি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত শুধু শ্রমিক ও মালিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়বে দেশের রফতানি আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে।