স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা অফিস খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
রবিবার (৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৩০ জুনের পত্রের বরাতে বাংলাদেশ ব্যাংক একই তারিখে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়সহ কতিপয় শাখা চালু রাখার নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, দেশের আমদানি-রফতানির জন্য ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিমা পলিসি ইস্যুও অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ ছাড়াও লাইফ বিমাকারীর মেয়াদপূর্তির দাবি পরিশোধসহ অন্যান্য জরুরি সেবা প্রদানের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে বিমাকারীর প্রধান কার্যালয়সহ কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ’কে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আইডিআরএ একমত পোষণ করে।
৭ জুলাই পর্যন্ত দেশের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জীবন বিমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যু দাবি যথাসময়ে পরিশোধ এবং স্বাস্থ্যবিমা সেবা প্রদানের স্বার্থে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়সহ বিমাকারীর প্রধান কার্যালয় ও কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস সীমিত সংখ্যক জনবল নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে বিধিনিষেধের মধ্যে বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার জন্য আইডিআরএ চেয়ারম্যানের কাছে দাবি জানানো হয়।
বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের বরাতে বাংলাদেশ ব্যাংক ৩০ জুন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) এবং রবিবার বাদে সপ্তাহের অন্যান্য দিন সীমিত সময়ের জন্য কার্যক্রম সম্পাদিত হবে।
চিঠিতে বলা হয়, দেশের আমদানি ও রফতানি বাণিজ্য চালু রাখার জন্য ব্যাংকগুলোর নৌ (কার্গো) কভার নোট এবং পলিসির বিশেষ প্রয়োজন হবে বিধায় নন-লাইফ বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা কার্যালয় খোলা রাখা আবশ্যক। এ ছাড়া লাইফ বিমা কোম্পানির প্রধান কার্যালয় বন্ধ থাকলে মৃত্যুদাবি, মেয়াদোত্তীর্ণ দাবি ও স্বাস্থ্যবিমা সেবা প্রদানে অসুবিধার সৃষ্টি হবে।
এসব বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার স্বার্থে (বিশেষ করে ব্যাংকের এলসি খোলার প্রয়োজনে) সকল বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমিত জনবল দিয়ে সীমিত সময়ের জন্য খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।