জ্বালানিতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় রাশিয়া

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে রাশিয়া বেশ আগ্রহী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বিস্তৃত করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরেও গুরুত্বারোপ করা হয়।

আজ সোমবার (১৬ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশন-এর রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনটিয়েভিজ মানটিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রীর কাছে এসব কথা বলেন রাষ্ট্রদূত। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলাপ করেন। 

সমঝোতা স্বাক্ষরে গুরুত্বারোপ করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এটা দ্রুত করা হলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রমে রাশিয়া অবদান রাখতে পারে। বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে রাশিয়া খুবই আগ্রহী।

প্রতিমন্ত্রী রাশিয়াকে ‘পরিক্ষীত বন্ধু’ অভিহিত করে বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদানেও রাশিয়ার সহযোগিতা করতে পারে। অনসুর তেল-গ্যাস অনুসন্ধানেও রাশিয়ার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি।