দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। নতুন এ দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই লাখ চার হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
এর আগে সর্বশেষ গত ৯ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে চার হাজার ৪৩২ টাকা কমিয়ে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতারই ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।