ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক

ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকগুলোকে কেনাবেচায় সংযত আচরণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ডলার কেনার ক্ষেত্রে অস্বাভাবিক প্রতিযোগিতা এবং অতিরিক্ত দাম প্রস্তাব করা থেকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বাজারে প্রকৃত চাহিদা বিবেচনায় প্রয়োজনে রিজার্ভ থেকে আরও ডলার বিক্রির প্রস্তুতির কথাও জানিয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বার্তা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডলার বাজারের বর্তমান পরিস্থিতি, কেনাবেচার দর এবং ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দেশে বছরে গড়ে প্রায় ৭২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য এক টাকা বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায় প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দাম ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর পড়ে। তাই ডলার কেনা ও বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৈঠকে একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রতিনিধি ডলারের দাম বাড়ার পেছনে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিদেশি একটি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৪ টাকা ৯০ পয়সা দরে ডলার কেনার প্রস্তাব দিয়েছিল তাদের ব্যাংক। তবে এক্সচেঞ্জ হাউসটি ওই দরে ডলার বিক্রি করতে রাজি হয়নি। ব্যাংকটি আরও পাঁচ পয়সা বেশি দিতে রাজি হলে হয়তো ডলার পাওয়া যেতো। অথচ তুলনামূলক কম বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে এমন একটি ব্যাংক ওই এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা ১০ পয়সা দরে ডলার কিনেছে বলে তারা জানতে পেরেছে।

এ বক্তব্যের পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, মুক্তবাজার ব্যবস্থায় ব্যাংক যেকোনও দরে ডলার কিনতে পারে। তবে কেনা দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় ও মুনাফা যোগ করেই আমদানিকারকের কাছে ডলার বিক্রি করা হয়। ফলে বেশি দামে ডলার কিনলে ব্যাংকের সরাসরি লোকসান না হলেও এর প্রভাব পড়ে আমদানি ব্যয়ে। শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই বাড়তি দামের বোঝা বহন করতে হয়।

বৈঠকে বলা হয়, ডলারের দাম অযৌক্তিকভাবে বাড়লে আমদানি করা পণ্যের দামও বেড়ে যায়। এতে বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়। তাই ব্যাংকগুলোর মধ্যে বেশি দামে ডলার কেনার প্রতিযোগিতা বন্ধ হওয়া প্রয়োজন।

এদিকে রাষ্ট্রীয় মালিকানার একটি বিশেষায়িত ব্যাংকের বেশি দামে রেমিট্যান্স কিনে কম দামে বিক্রির কারণে লোকসানের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। ওই ব্যাংকের প্রতিনিধি এমন ঘটনা সঠিক নয় বলে দাবি করেন। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের মাধ্যমে বিষয়টির প্রকৃত চিত্র বের করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডলারের বিনিময় হার নির্ধারণে সরাসরি হস্তক্ষেপের পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা ও জোগানের ভিত্তিতেই বাজারে ডলারের দাম নির্ধারিত হবে। তবে কোনও ব্যাংক বা প্রতিষ্ঠান অস্বাভাবিক আচরণ কিংবা কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। ব্যাংকগুলোর মধ্যে নৈতিক চাপ তৈরি করে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চলছে। পাশাপাশি রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রয়েছে।

রিজার্ভ থেকে বিক্রি ৪৭ কোটি ডলারের বেশি

ডলার বাজারে সরবরাহ বাড়াতে সাম্প্রতিক পাঁচ দিনের নিলামে ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত বৃহস্পতিবার গড়ে ১২৪ টাকা ৮৫ পয়সা দরে ২০ কোটি ডলার বিক্রি করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর ১২৪ টাকা ৩০ পয়সা দরে ১২০ কোটি ডলার বিক্রি করা হয়। গত অক্টোবরে দুই দিনের নিলামে ১৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছিল। তখন প্রতি ডলারের দর ছিল যথাক্রমে ১২৩ টাকা ৬১ পয়সা ও ১২৪ টাকা। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর ১২২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করা হয় এক কোটি ১৫ লাখ ডলার।

গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বাজারে কোনও ডলার বিক্রি করেনি। বরং বাজার থেকে ৬৪১ কোটি ৬০ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর হিসেবে ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ডলার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকে। গত জুন শেষে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।

তবে সাম্প্রতিক সময়ে ডলার বিক্রি শুরু হওয়ায় রিজার্ভে আবার চাপ তৈরি হয়েছে। রবিবার তা কমে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

এর আগে ডলার বিক্রির কারণে ২০২৪ সালের জুন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছিল। অন্যদিকে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।

প্রয়োজনের বেশি ডলার না কেনার পরামর্শ

রবিবারের বৈঠকে আরেকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের নিলাম প্রক্রিয়ায় ডলার বিক্রির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তবে তার মতে, যেসব ব্যাংকের ডলারের তাৎক্ষণিক প্রয়োজন রয়েছে, শুধু তাদেরই নিলামে অংশ নেওয়া উচিত। ভবিষ্যতের পরিশোধের কথা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো অতিরিক্ত ডলার কিনে মজুত করার চেষ্টা করলে বাজারে আরও চাপ তৈরি হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। চাহিদা ও জোগানের ভিত্তিতে দর নির্ধারিত হওয়াই স্বাভাবিক। তবে কারও কারসাজির কারণে ডলারের দাম বাড়লে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।