দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিকাশ ধরে রাখতে ব্যবসা সহজীকরণ, উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন, নতুন বাজারে প্রবেশ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার আলোচনা শুরু হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে মোট রফতানি আয় ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮৮ মিলিয়ন ডলার বেশি। এই প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে বছর শেষে গত বছরের তুলনায় অন্তত ৩ বিলিয়ন ডলার বেশি রফতানি আয় সম্ভব হতো বলে মনে করেন তিনি।
পোশাকশিল্পের সম্ভাবনা আরও দুই-তিন দশক
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতা এবং ইরানের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান রফতানি বাজারে ভোগব্যয় কমেছে। তারপরও অপ্রচলিত বাজারে ভালো করায় বাংলাদেশের রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। গত চার মাসে পাটে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চামড়া এবং তৈরি পোশাকের বিভিন্ন সেগমেন্টেও ভালো প্রবৃদ্ধি হয়েছে।
তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর প্রায় সবাই টেক্সটাইল শিল্প দিয়ে যাত্রা শুরু করেছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মাথাপিছু আয় ও শ্রমিকের মজুরি বাড়লে এ শিল্প এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। চীন ও তুরস্কের মতো দেশে উৎপাদন ব্যয় ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এ শিল্পের বিকাশের সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমরা যদি একটি সুশৃঙ্খল পদ্ধতিতে মালিক, শ্রমিক এবং সামগ্রিক শিল্প খাতকে পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য আগামী দুই-তিন দশক এই শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।’
উৎপাদন ব্যয় বেড়েছে, উচ্চমূল্যের পণ্যে যাওয়ার তাগিদ
পোশাকশিল্পের অন্যতম সমস্যা হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসের দাম প্রায় ৩০০ গুণ বেড়েছে। দেশের অধিকাংশ শিল্পকারখানা গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও স্টিম তৈরি করে। একই সময়ে মজুরি ও অন্যান্য উপকরণের খরচও বেড়েছে। কিন্তু সেই অনুপাতে তৈরি পণ্যের দাম বাড়েনি।
তিনি বলেন, দেশের পোশাকশিল্প এখনো উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে যথেষ্ট অগ্রসর হতে পারেনি। অধিকাংশ কারখানা তুলার পণ্য উৎপাদনের ওপর নির্ভরশীল। ম্যানমেড ফাইবার ও অন্যান্য উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনে যেতে পারলে রফতানি আয় এবং কারখানার মুনাফা বাড়বে। এতে শ্রমিকদের মজুরি বাড়ানোর সুযোগও তৈরি হবে।
ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আগে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেত। অন্যদিকে ভারতকে প্রায় ৯ দশমিক ৬৬ শতাংশ শুল্ক দিতে হতো। ভারতের সঙ্গে ইইউর এফটিএ কার্যকর হওয়ায় দেশটির শুল্কসুবিধা তৈরি হবে, ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমবে।
এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জাপানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার এফটিএ আলোচনা শুরু হবে।
এ ছাড়া আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। এ বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের আগেই বিশ্বের বাজারে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ব্যবসা শুরুর অনুমতি ৩৫৫ দিন থেকে ১৪ দিনে
শিল্প খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে অনুমোদনপ্রক্রিয়া সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আগে বিভিন্ন অনুমতি ও ছাড়পত্র পেতে গড়ে ৩৫৫ দিন লাগতো। সরকার তা ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পোশাক ও বস্ত্র খাতকে নীতিগত সহায়তা দিয়ে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাতের সমস্যা সমাধানে আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
মজুরি বাড়াতে হবে, তবে প্রতিযোগিতা সক্ষমতাও বিবেচনায়
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের আয় বাড়ানো প্রয়োজন। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের মজুরি বৃদ্ধির প্রত্যাশা ন্যায়সংগত। কারণ আমাদের স্থায়ী মূল্যস্ফীতি রয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখেই তো তাদের আয় করতে হবে। না হলে পরিবার চালাবেন কীভাবে? কিন্তু একই সঙ্গে এটিও বিবেচনায় নিতে হবে, কোন পর্যায়ে মজুরি নিয়ে গেলে আমরা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে পারব।’
শ্রমিক নেতাদেরও রফতানি মূল্য, উৎপাদন উপকরণ ও ইউটিলিটি খরচ হিসাব করে মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। বলেন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে টিকে থাকার সক্ষমতা বজায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা নয়
বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকরা আনুষ্ঠানিক খাতে কাজ করেন। আন্তর্জাতিক ক্রেতারা এ শিল্পের ওপর নজর রাখেন এবং কারখানাগুলোতে নিরীক্ষা হয়। তবে দেশের অর্থনীতির বড় অংশ এখনো অনানুষ্ঠানিক খাতের ওপর নির্ভরশীল। ফলে অন্যান্য খাতের শ্রমিকদের একই ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন ও দর-কষাকষির অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। তবে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন সারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘শ্রমিকরা মজুরি নিয়ে আলোচনা করবেন, অন্য সুযোগ-সুবিধা নিয়ে দর-কষাকষি করবেন, তারপর একটি যৌক্তিক সমাধানে পৌঁছাবেন—এটাই স্বাভাবিক। কিন্তু তাদের আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যদি সারা দেশে অস্থিরতা সৃষ্টি করে, আমাদের ক্রেতাদের কাছে বা বিদেশি রাষ্ট্রগুলোর কাছে ভুল বার্তা পৌঁছে দেয়, তাহলে শ্রমিক ভাইয়েরা যেন কোনোভাবেই তাদের সঙ্গে যুক্ত না হন।’
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে পরিকল্পনা
শিল্পকারখানা পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে প্রাথমিক শর্ত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এবং শিল্প খাতের গ্রাহকদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে। দেশে প্রতিদিন ২ হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাস পাওয়া যায়। বিদ্যমান গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিল্প খাতকে সর্বোচ্চ সুবিধা দেওয়াই এ পরিকল্পনার লক্ষ্য।
পোশাকশিল্পে মালিক-শ্রমিকের সম্মিলিত অবদান
পোশাকশিল্পের বিকাশে মালিক ও শ্রমিকের সম্মিলিত অবদানের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এ শিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালের পর ৪৮ বছরে এ খাতের রফতানি আয় প্রায় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি বলেন, ‘আজকে আমরা যে জায়গায় পৌঁছাতে পেরেছি, এটি মালিক ও শ্রমিক—উভয়ের সম্মিলিত পরিশ্রম ও অবদান। কোনও এক পক্ষের নয়। রাষ্ট্রের দেওয়া প্রণোদনা ও নীতিগত সহায়তাও রয়েছে। নষ্ট করে ফেলা খুব সহজ। কিন্তু একটি শিল্পকে ক্রমবর্ধমান বিকাশের পথে এগিয়ে নেওয়াই আসল কৃতিত্ব।’
মন্ত্রী জানান, দেশের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের রফতানি ঝুড়ির ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তাই এ শিল্পের বিকাশ ধরে রাখা জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।