আদালতের স্থগিতাদেশ থাকলেই প্রণোদনার ঋণ পাবেন খেলাপিরা

আদালতের স্থগিতাদেশ থাকলে ঋণখেলাপিরাও এখন থেকে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ নিতে পারবেন। এ সুযোগ দিতে ঋণ বিতরণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হলেও ঋণসংক্রান্ত মামলা বা রিট আবেদনের কার্যক্রম আদালত স্থগিত করলে সংশ্লিষ্ট উদ্যোক্তারা প্রণোদনার ঋণ পাওয়ার যোগ্য হবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে ঋণখেলাপির কারণে যেসব বন্ধ শিল্পকারখানা এত দিন প্রণোদনার ঋণ নিতে পারছিল না, সেগুলো পুনরায় চালুর পথ তৈরি হতে পারে। তবে ঋণখেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করায় ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকদের মধ্যে সমালোচনাও দেখা দিয়েছে।

যেভাবে ঋণ পাবেন খেলাপিরা

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণখেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নতুন সার্কুলারে এ ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনও ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণসংক্রান্ত মামলা কিংবা রিট আবেদন করলে এবং আদালত ওই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

অর্থাৎ আদালতের স্থগিতাদেশ থাকলে ঋণখেলাপির কারণে প্রণোদনার ঋণ পেতে আর বাধা থাকবে না। তবে যেসব ক্ষেত্রে আদালতের এমন স্থগিতাদেশ নেই, সেসব ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ঋণখেলাপির কারণে অনেক বন্ধ কারখানায় ঋণ দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে এসব কারখানা চালু করা এবং শিল্প খাতে নতুন করে অর্থের প্রবাহ বাড়ানো কঠিন হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে উদ্যোক্তারা ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এতে ঋণ বিতরণ দ্রুত হবে এবং শিল্প ও বাণিজ্য খাতে তারল্য বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

৬০ হাজার কোটি টাকার প্যাকেজে বিতরণ হয়েছে ১২ হাজার কোটি

চলতি বছরের মে মাসে দেশের সংকটে থাকা বেসরকারি খাতকে সহায়তা, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

এই প্যাকেজের আওতায় বন্ধ শিল্পকারখানা চালু করা, ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ প্যাকেজ থেকে ঋণ বিতরণ হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। অর্থাৎ মোট প্যাকেজের মাত্র এক-পঞ্চমাংশ ঋণ বিতরণ করা সম্ভব হয়েছে। বাকি অর্থ এখনও বিতরণের অপেক্ষায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে ঋণ বিতরণের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ঋণসংক্রান্ত জটিলতায় আটকে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন করে অর্থায়নের সুযোগ পেতে পারে।

প্রণোদনা প্যাকেজে রয়েছে ১৫টি বিশেষ কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজে মোট ১৫টি বিশেষ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো।

প্যাকেজের আওতায় বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য স্বল্প সুদে পুনঃঅর্থায়নের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের চলতি মূলধন সরবরাহের কর্মসূচিও রাখা হয়েছে।

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে রয়েছে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল। এর মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং রফতানির আগে অর্থায়নের জন্য বিশেষ ঋণ কর্মসূচি রয়েছে। পরিবেশবান্ধব কারখানা ভবন ও সবুজ শিল্প গড়ে তুলতেও পুনঃঅর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

প্যাকেজে সৃজনশীল অর্থনীতি, চামড়া ও চামড়াজাত পণ্য এবং রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্যও আলাদা অর্থায়ন কর্মসূচি রয়েছে।

বিশেষায়িত ব্যাংক ও প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ

প্রণোদনা প্যাকেজের কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কুটির ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দেবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অর্থায়ন করা হবে।

কর্মসংস্থান ব্যাংক বেকার তরুণদের কর্মসংস্থানে সহায়তা করবে। অন্যদিকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।