খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ২৭ হাজার কোটি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। একই সময়ে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়েছে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। জুন শেষে মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৬০০ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা।

অর্থাৎ সামগ্রিক ঋণ বিতরণে প্রবৃদ্ধি খুব সামান্য হলেও খেলাপি ঋণ বেড়েছে তার তুলনায় অনেক বেশি। ফলে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাতও বেড়েছে। জুন শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে তা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে আগের তিন মাসের তুলনায় এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। অর্থাৎ সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমলেও বেসরকারি ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে।

ঋণ পুনঃতফসিলের সুফল পেতে অপেক্ষা

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের বিভিন্ন সুবিধা দিলেও এখন পর্যন্ত তার দৃশ্যমান সুফল পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিসহায়তার আওতায় ভালো উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সুযোগ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব সুবিধার অনুমোদন ও বাস্তবায়নে সময় লাগছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, খেলাপি ঋণ খুব বেশি বাড়েনি। তবে বর্তমানে এসব ঋণ কমছে না। ভালো উদ্যোক্তাদের দেওয়া নীতিসহায়তা, বিশেষ করে ঋণ পুনঃতফসিলের সুবিধা অনুমোদন পেতে সময় লাগছে।

তিনি জানান, কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে। অন্য কয়েকটি ব্যাংকে তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি অবস্থার বাইরে আসতে পারলে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আগের সুবিধায় কমেছিল, আবার বেড়েছে

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বড় ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সুবিধায় প্রায় ৩০০ জন ঋণগ্রহীতা তাঁদের প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন করেন। দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল।

এর প্রভাবে ২০২৫ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের অনুপাত সাময়িকভাবে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমে আসে। কিন্তু পরবর্তী সময়ে পুনঃতফসিলের সুবিধা নেওয়া অনেক গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় পরিস্থিতির আবার অবনতি হয়। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের অনুপাত বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ২৬ শতাংশে।

চলতি বছরের ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংক আরও শিথিল শর্তে বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করে। নতুন ব্যবস্থায় ১ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা গ্রাহকদের দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ পুনর্গঠনের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, গ্যাস সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে। এতে তাদের নগদ অর্থপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই পুনঃতফসিলের শর্ত শিথিল করা হয়েছে।

ঋণ বাড়ছে সামান্য, খেলাপি বাড়ছে দ্রুত

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা। তিন মাসে এই ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৬০০ কোটি টাকা। বিপরীতে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা।

এই ব্যবধান ব্যাংক খাতের ঋণ আদায়ের দুর্বলতা এবং আর্থিক ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণ করতে হয়। এতে মুনাফার ওপর চাপ পড়ে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়তে পারে।