তিন বছরের জন্য শুল্ক মওকুফ চান বিনোদন কেন্দ্রের মালিকরা

মহামারি করোনায় ক্ষতি পোষাতে তিন বছরের জন্য ভ্যাট, ট্যাক্সসহ সবধরনের শুল্ক ও লাইসেন্স ফি মওকুফ চান বিনোদন পার্ক মালিকরা।

রবিবার (২৯ আগস্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব এমিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস-বাপা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবির কথা তুলে ধরা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে দেখা করে এসব দাবি উত্থাপন করেন বাপা’র নেতারা।

গত ২৫ আগস্ট নতুন স্বাভাবিকতায় বিনোদন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি পরিপালন সম্পর্কে মন্ত্রণালয়কে জানাতে যান অ্যাসোসিয়েশনের নেতারা। বাপার সভাপতি শাহরিয়ার কামাল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এসওপি ও সব স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পার্ক পরিচালনা করা হচ্ছে, সে ব্যাপারে প্রতিমন্ত্রী মাহবুব আলীকে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এই খাতে প্রচুর বিনিয়োগ রয়েছে এবং অনেক কর্মসংস্থান হয়েছে, সেজন্য বর্তমান সরকার এই খাতটির ব্যাপারে খুবই আশাবাদী এবং যেকোনও ধরনের সহযোগিতা করবে।

বাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় অ্যাসোসিয়েশনের নেতারা প্রতিমন্ত্রীর কাছে যেসব দাবি উত্থাপন করেছেন, সেগুলো হচ্ছে— আগামী তিন বছরের জন্য বিনোদন পার্কের ওপর   করপোরেট ট্যাক্স, ভ্যাট ও সম্পূরক শুল্কসহ অন্যান্য কর মওকুফ করা, যাতে অপেক্ষাকৃত কম মূল্যে পর্যটক ও দর্শনার্থীদের বিনোদন সেবা দেওয়া যায়। বিনোদন পার্ক/থিম পার্কগুলো পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত হওয়ায় এই খাতটিকে শিল্প হিসেবে ঘোষিত সুযোগ-সুবিধা পাওয়ার ব্যবস্থা করা। বিনোদন পার্কগুলো টিকিয়ে রাখার স্বার্থে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় বিনোদন পার্কগুলো অন্তর্ভুক্ত করা। আগামী তিন বছর নতুন বিনোদন পার্ক নির্মাণ ও বর্তমান স্থাপনার সংযোজনার জন্য আমদানি করা বিভিন্ন রাইডসহ অন্যান্য যন্ত্রপাতিতে মূসক ও শুল্ক কর মুক্ত আমদানির সুযোগ প্রদান।