বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচনে (২০২১-২৩) সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে একেএম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা সংগঠনের প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিকেএমইএ পরিচালনা পর্ষদে নতুনভাবে সংশোধিত সংঘবিধি অনুসারে এই ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে কেবলমাত্র ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
প্রসঙ্গত, গত ৩ ও ৪ অক্টোবর ছিল নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের নির্ধারিত তারিখ। ৩ অক্টোবর কোনও প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ৪ অক্টোবর সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লিখিত ফোরামের ৩৫ জন নেতার মধ্যে রয়েছেন— একেএম সেলিম ওসমান এমপি, মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, অমল পোদ্দার, মোস্তফা জামাল পাশা, গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, মোরশেদ সারোয়ার সোহেল, মো. শামসুজ্জামান, আক্কাস উদ্দিন মোল্লা, আশিকুর রহমান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবীর হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আক্তার হোসেন অপূর্ব, আব্দুল হান্নান, শ্যামল কুমার সাহা, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।
গত ১৪ আগস্ট বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসারে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোলায়মান এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলকে সদস্য মনোনীত করে নির্বাচন বোর্ড গঠন করা হয়।
একইসঙ্গে এফবিসিসিআই-এর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহাকে নির্বাচনি আপিল বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপুকে সদস্য মনোনীত করে নির্বাচন আপিল বোর্ড গঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০২১-২৩) তফসিল ঘোষণা করা হয়।