জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ৬টি খাতের ৩০টি প্রতিষ্ঠান ও কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করবে।
সোমবার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে (ভার্চয়ালি সংযুক্ত) থেকে এই পদক প্রদান করবেন।
শ্রম মন্ত্রণালয় জানায়, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এই পদক প্রদান করা হবে।
প্রথমবারের মতো এ বছর তৈরি পোশাক খাতের ১৫টি কারখানাকে এই পদক দেওয়া হচ্ছে। এই কারখানাগুলো হচ্ছে— ১. রেমি হোল্ডিংস লি., ২. প্লামি ফ্যাশনস লি., ৩. ভিনটেজ ডেনিম স্টুডিও লি., ৪. এ আর জিন্স প্রডিউসার লি., ৫. করণী নীট কম্পোজিট লি., ৬. ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ৭. ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রা.) লি. (ক্যানপার্ক ইউনিট-২), ৮. গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ৯. ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, ১০. উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, ১১. মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, ১২. স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, ১৩. অকো-টেক্স লি.. ১৪. তারাসিমা অ্যাপারেলস লি. ও ১৫. মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লি.।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান হচ্ছে— ১. হবিগঞ্জ অ্যাগ্রো লি., ২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. ও ৩. ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড।
চা শিল্পে পদকপ্রাপ্ত ৪টি প্রতিষ্ঠান হলো— ১. গাজীপুর চা বাগান, ২. লস্করপুর চা বাগান, ৩. জাগছড়া চা কারখানা ও ৪. নেপচুন চা বাগান।
চামড়াজাতপণ্য সেক্টরে পদকপ্রাপ্ত ২টি শিল্প-কারখানা হলো— ১. অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং ২. এডিসন ফুটওয়্যার লিমিটেড।
প্লাস্টিক সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান— ১. বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, ২. অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও ৩. ডিউরেবল প্লাস্টিক লিমিটেড।
ফার্মাসিউটিক্যালস সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান— ১. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ৩. ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি.।
মন্ত্রণালয় জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।