২০২১ সালের শুরুতে দেশব্যাপী ১০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছিল আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। দুধ ও পুষ্টি নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউরোপীয় বহুজাতিক সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটি জানায়, দেশব্যাপী সবগুলো বিভাগে মোট ৭ হাজার ৩১৯টি সেশন পরিচালনা করে মোট ১৩ লাখ মানুষের কাছে সচেতনতার বার্তা পাঠাতে পেরেছে তারা।
মঙ্গলবার (২ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ।
তিনি জানান, পূর্বনির্ধারিত ১০ লাখ মানুষের কাছে দুধ ও পুষ্টির উপকারিতার সচেতনতা তৈরির জন্য তারা উদ্যোগটি সম্পন্ন করতে ২০২টি তৈরি পোশাক কারখানাসহ মোট ১ হাজার ৮৪৫টি এলাকায় সেশন পরিচালনা করেছে।
সংবাদ সম্মেলনের শুরুতে আরলা ফুডসের যাত্রা ও দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন। গালিব বিন মোহাম্মদ বলেন, মানুষের জন্য মানসম্মত পুষ্টি প্রদান করার দায়বদ্ধতা আমরা গুরুত্ব সহকারে নিয়ে থাকি। সরবরাহ ব্যবস্থাপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এতে গ্রাহকরা আমাদের পুষ্টিকর ও সুস্বাদু পণ্য গ্রহণ করতে পারেন।
আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ বলেন, ‘কার্যক্রম পরিচালনাকারী সব জায়গাতেই আমরা পারিপার্শ্বিক পরিবেশের প্রতি দায়িত্বশীল। আমরা শুধু আমাদের পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতেই বদ্ধপরিকর নই, বরং পুষ্টি সংক্রান্ত সচেতনতা তৈরি ও ব্যবসা খাতের উন্নয়নেও আমরা সচেষ্ট।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এন্ট্রাপ পিটারসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো কাওছারুল ইসলাম সিকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক শাহ আলম, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক নুরুল আমিন, পুষ্টিবিদ ইশরাত হাসান প্রমুখ।