৬ষ্ঠ তুলা দিবস উপলক্ষে সোমবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করেছে কটন ইউএসএ। যুক্তরাষ্ট্রে তুলা এবং তুলাজাত গার্মেন্টস পণ্যের রফতানিকারক হিসেবে বাংলাদেশের অর্জনকে উদযাপন করতেই ২০১৬ সাল থেকে কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) কটন ডে তথা তুলা দিবস পালন শুরু করে।
ভার্চুয়াল এ সেমিনারে অংশ নেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস এথ্যারলি, লুইস ড্রিফিস কোম্পানির গ্লোবাল মার্কেটিং প্রধান স্টিভ ডায়ার, বিজনেস কনসালটেন্ট এবং উইনস্টন ইকো-স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু উইনস্টন, ফ্যাব্রিক, কালার, সাসটেইনেবিলিটি অ্যান্ড গার্মেন্ট টেকনোলজি, টেসকো পিএলসি-এর হেড অফ টেকনিক্যাল জো লিটল, আতিয়া কনসাল্টিং লিমিটেড এবং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের পরামর্শক আলী আরসালান এবং স্পিনিং, টেক্সটাইল মিল মালিক, এক্সিকিউটিভ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স, আন্তর্জাতিক ব্র্যান্ড ও রিটেইলারস, কটন মার্চেন্টস এজেন্ট এবং ব্যবসায়ীসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী।
সেমিনারে গ্লোবাল কটন ইকোনমিক আউটলুক, মেগাট্রেন্ডস এবং লাভের নতুন পথ: কীভাবে স্মার্ট কোম্পানিগুলো মান বজায় রাখে, ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের মাঝে যোগসূত্র তৈরি, ভবিষ্যৎ পরিকল্পনা—এসব বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন স্বাগত বক্তব্যে বলেন, ‘যারা সাপ্লাই চেইনের মাধ্যমে ইউএস কটনের প্রত্যয়িত ব্যবহারকারী, সেই সব বাংলাদেশি কটন ইউএসএ লাইসেন্সধারীদেরকে আন্তরিক অভিনন্দন। প্রতি বছর বাংলাদেশে ৫০ জনের বেশি লো লাইসেন্সধারী হয়ে থাকে। যেটি কটন কাউন্সিল ইন্টারন্যাশনালে প্রদত্ত একটি প্রশংসাপত্র।’
সেমিনারে কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস এথ্যারলি বলেন, ‘মহামারির এ সময়ে কটন ইউএসএকে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি এই সময়কে ভালোভাবে মোকাবেলা করতে পারব এবং সকলের সহযোগিতায় আমাদের ব্যবসাকে আগের থেকেও ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবো।’
মোহাম্মদ আলী খোকন আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক সদস্য ইতোমধ্যেই ইউএস কটন ট্রাস্ট প্রোটোকলে সাইন আপ করেছেন এবং আমরা নিশ্চিত যে প্রোগ্রামটির সদস্যপদ এবং জনপ্রিয়তা বাড়বে। আমরা আরও ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের সাইন আপ করার অনুরোধ করছি। তাছাড়া ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল প্রোগ্রামের মাধ্যমে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা সঠিকভাবে তুলার ব্যবহার করলে আগামী দিনে মার্কিন কটন ফাইবারের চাহিদা অবশ্যই বাড়বে।’
আতিয়া কনসাল্টিং লিমিটেড এবং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের পরামর্শক আলী আরসালান বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে প্রতি মাসে এক লক্ষ ৭০ হাজার টন তুলা আমদানি হয়।