দুই মাসের জন্য ভোগ্যপণ্য আমদানি সহজ করলো বাংলাদেশ ব্যাংক

নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলোকে মার্জিন ও কমিশন আগের চেয়ে কমিয়ে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা আগামী ১০ মে পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর আসন্ন। অপরদিকে কোভিড-১৯ মহামারি পরবর্তী পরিস্থিতিসহ নিয়ন্ত্রণবহির্ভূত বিভিন্ন কারণে বাজারে আমদানিনির্ভর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে।

এমতাবস্থায়, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্রের ক্ষেত্রে দুইটি নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হলো—

(ক) আমদানি ঋণপত্রের মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে এবং ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলা যাবে; এবং (খ) আমদানি ঋণপত্রের কমিশন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ১০ মে ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে বলে সার্কুলারে বলা হয়।