রফতানিকারকদের অর্থায়নের ক্ষেত্রে বিমা করার (ইন্স্যুরেন্স কাভারেজ) নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
বর্তমানে ব্যাংকগুলো বাকিতে পণ্য রফতানি বিল বৈদেশিক মুদ্রায় বিক্রির মাধ্যমে করে রফতানিকারকদের অর্থায়ন করে থাকে।
নতুন নির্দেশনায় এই অর্থায়নের সুরক্ষার লক্ষ্যে ব্যাংকগুলোকে স্থানীয় বিমা কোম্পানির ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ইন্স্যুরেন্স কাভারেজ গ্রহণ করতে বলা হয়েছে।
ব্যাংকের নিজস্ব বিবেচনায় এবং রফতানিকারকদের সম্মতিতে এ ধরনের বিমা করতে হবে বলে সার্কুলারে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রফতানি বিল ডিসকাউন্টিং (নির্দিষ্ট কমিশন নিয়ে রফতানি আদেশের বিপরীতে সৃষ্ট বিলের বিপরীতে অর্থায়ন) ছাড়াও রফতানির আগে ফান্ডেড কিংবা নন-ফান্ডেড সুবিধা দেওয়ার ক্ষেত্রেও একইভাবে বিমা করতে বলা হয়েছে।