দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়ে মোট ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, ঢাকা মহানগরের কাপ্তান বাজারসহ দেশব্যাপী মোট ৬৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ৩৬টি জেলায় ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার তেল জব্দ করে ন্যায্য দামে বিতরণ করা হয়েছে। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এসব বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদফতর পরিচালিত অভিযানে সহযোগিতা দেন।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোক্তা-‘অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।