করোনাকালীন সময়ে পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ছাঁটাই হওয়া ব্যাংক কর্মীরা। মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে মানববন্ধন শেষে নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে চিঠি দেন চাকরিচ্যুতরা।
যদিও গত সেপ্টেম্বরে চাকরিচ্যুত এই ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ৯ মাস পার হলেও এখনও পর্যন্ত এ নির্দেশনা বাস্তবায়ন করেনি অনেক ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও পুনর্বহাল না করায় আবারও রাস্তায় নেমেছেন তারা।
বাংলাদেশ ব্যাংক গত ১৬ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে। ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো। পরে গত ১৫ জুন কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করেন চাকরি হারানো ব্যাংকাররা।