প্রবাসীদের ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংকের সঙ্গে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মধ্যে চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিএমইটির সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) জাকির হোসেন সই করেন।
মূলত, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে গমনেচ্ছুদের পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানসহ সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যাবতীয় ফি-চার্জ আদায় করবে।
চুক্তি সই অনুষ্ঠানে বিএমইটি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে বাংলাদেশ থেকে বিদেশে গমনেচ্ছুরা তাদের সব ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে গ্রহণ করতে পারবেন এবং বিদেশ থেকে তাদের অর্জিত রেমিট্যান্স দ্রুততম সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনও শাখায় পাঠাতে পারবেন।