দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আল-হারামাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে আত্মপ্রকাশ করলো আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে এই বোকারেজ হাউজের উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, বিশ্বের অনেক উন্নত দেশের তা চেয়ে ভালো। আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে যে কথা হচ্ছে আসলে তা নয়। দেশে কিছু লোক হুন্ডির মাধ্যমে টাকা আনছে। আমাদের ফরেন এক্সচেঞ্জে কোনও সমস্যা নেই। ব্যাংকে গিয়ে টাকা পায়নি, এমন কেউ বলতে পারবে না। ব্যাংকগুলো সুন্দরভাবে কাজ করছে। দিন দিন ব্যাংকিং সেক্টর আরও মজবুত হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে এত বলার কারণ হচ্ছে— আমাদের অর্থনীতিতে কোনও অস্থিরতা নেই।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘বাংলাদেশে বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে বলা যায়— বিশ্বের খুব কম রাষ্ট্রেই ১০ বছর ধারাবাহিকভাবে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। কিন্তু করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে অর্থনৈতিক একটি চাপে রয়েছে। তবে এতে বর্তমান সময়ে ব্যাংক খাত নিয়ে যে অস্থিরতা দেখা যাচ্ছে, মানুষের মধ্যে নেতিবাচক আলোচনা হচ্ছে, তেমনটি হওয়ার কথা নয়, হবে না।’
সভাপতির বক্তব্যে আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পুঁজিবাজারে কমিশন গঠন করা হয়েছে। নতুন কমিশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যার কারণে পুঁজিবাজারে অনেকেই নতুন করে আবার এসেছে, অনেকে বিনিয়োগ করছে। শেয়ার বাজারে লাভ- লোকসান হবেই। শুধু লাভ হবে এটা ভেবে বিনিয়োগ করা যাবে না। আপনারা সবকিছু দেখে বিনিয়োগ করবেন। আর ধৈর্য ধরে থাকবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল হারামাইন সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্বল, প্রতিষ্ঠানের উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হুমায়ুন কবীর, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল, সাবেক সচিব সেলিম রেজা প্রমুখ।