পদত্যাগ করলেন কচি, বিজিএমইএর সভাপ‌তি খন্দকার রফিকুল

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে পদত‌্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। নতুন সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

এ ছাড়া সংগঠন‌টির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ সহসভাপতি নির্বাচিত করেছে।

শ‌নিবার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় তাদের নির্বা‌চিত করা হয়।

গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন বিজিএমইএ বোর্ডকে। এই প্রেক্ষিতে শনিবার র‍্যাডিসন বুলু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এস এম মান্নান কচির পদত্যাগপত্র গ্রহণ করে বিজিএমইএর সভাপতি করা হয় খন্দকার রফিকুল ইসলামকে।

সভায় সর্বসম্মতিক্রমে সহসভাপতি থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব নিয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব এবং পরিচালক থেকে সহসভাপতির দায়িত্ব নিয়েছেন আসিফ আশরাফ।

খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সহসভাপতিরা হলেন—প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আসিফ আশরাফ, সহসভাপতি রকিবুল আলম চৌধুরী।

বোর্ডের মহাসচিব হলেন মো. ফয়জুর রহমান।