মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৩৯৯তম শাখা হিসেবে গাংনী শাখার উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাকসুদুর রহমান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মো. মাহবুব এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কবীর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা।
মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রতীক্ষার ব্যাংক। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রফতানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে খ্যাতি অর্জন করেছে।
তিনি বলেন, মাঝারি ও বৃহৎ শিল্প বিনিয়োগের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ইসলামী ব্যাংকের সেবার চাহিদা ও আওতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজার গ্রামের প্রায় ১৮ লাখ প্রান্তিক মানুষকে সফল ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।